চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের ‘হাজী বিরিয়ানি হাউজ’ থেকে কেনা খাবার খেয়ে শিশুসহ অন্তত ২৬ জন অসুস্থ হয়ে পড়েছেন। গত সোমবার বিকেলে ও সন্ধ্যায় ওই রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি কিনে খাওয়ার পর থেকেই তারা বমি, ডায়রিয়া ও তীব্র পেটব্যথায় আক্রান্ত হন। অসুস্থদের মধ্যে নারী ও শিশুদের সংখ্যাই বেশি এবং তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, রেস্টুরেন্টের অস্বাস্থ্যকর খাবার বা সংরক্ষণজনিত ত্রুটির কারণেই তারা ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে ওই রেস্টুরেন্টে অভিযান চালানো হয়েছে এবং মালিককে প্রয়োজনীয় স্বাস্থ্য সনদ ও নথিপত্র সংগ্রহের জন্য সতর্ক করা হয়েছে। তবে ঠিক কী কারণে এতগুলো মানুষ অসুস্থ হলেন, তা নিশ্চিত হতে খাবারের মান পরীক্ষা করা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।