সাতক্ষীরা সদর হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। জেলার বিভিন্ন উপজেলা থেকে চিকিৎসাসেবা নিতে আসা শত শত রোগীকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিতে হচ্ছে। রোগীর তুলনায় পর্যাপ্ত চিকিৎসক না থাকায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করেছেন রোগী ও তাদের স্বজনরা। এর মধ্যেই রোববার (২ আগস্ট) দুপুর পর্যন্ত হাসপাতাল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন না হওয়ায় স্থানীয়দের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে।
রোববার হাসপাতাল ঘুরে দেখা যায়, বহির্বিভাগ ও জরুরি বিভাগে রোগীদের দীর্ঘ সারি। অনেককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে চিকিৎসকের জন্য। চিকিৎসক সংকটের কারণে একজন চিকিৎসককে একসঙ্গে বিপুল সংখ্যক রোগী দেখতে হচ্ছে। ফলে রোগীদের পর্যাপ্ত সময় দিয়ে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
শুধু বহির্বিভাগই নয়, হাসপাতালের ওয়ার্ডগুলোতেও দেখা গেছে অতিরিক্ত রোগীর চাপ। শয্যা সংকটের কারণে অনেক রোগীকে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে।
চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী জানান, হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকের সংকটও রয়েছে, ফলে অনেক রোগীকে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা না পেয়েই ফিরে যেতে হচ্ছে।
এদিকে রোববার সকাল থেকে হাসপাতাল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন না হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সচেতন নাগরিকদের অভিযোগ, সরকারি প্রতিষ্ঠানে নির্ধারিত নিয়ম অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলনের বিধান থাকলেও তা অনুসরণ করা হয়নি। বিষয়টি জানাজানি হওয়ার পর দুপুর প্রায় ২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জাতীয় পতাকা উত্তোলন করে।
সমাজকর্মী হোসেন আলী বলেন, সরকারি প্রতিষ্ঠানে নির্ধারিত নিয়মে জাতীয় পতাকা উত্তোলন করা রাষ্ট্রীয় দায়িত্ব। এটি যথাসময়ে না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা থাকা উচিত এবং বিষয়টি প্রশাসনিকভাবে খতিয়ে দেখা প্রয়োজন।
এ বিষয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি এ বিষয়ে সিভিল সার্জনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, “আমি বর্তমানে ছুটিতে রয়েছি। আমার অনুপস্থিতিতে আবাসিক মেডিকেল অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।”
উল্লেখ্য, গত ২৬ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করেন। সে সময় তিনি সরকারি হাসপাতালগুলোতে দীর্ঘদিনের চিকিৎসক সংকট নিরসনে সরকার নতুন উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছিলেন। তবে মন্ত্রীর ওই ঘোষণার এক সপ্তাহের মধ্যেই সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসক সংকট ও রোগীদের দুর্ভোগের চিত্র আবারও সামনে এলো।