প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রথম এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে সচিবদের তিনি সততার সঙ্গে পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছেন। প্রশাসনের কর্মকর্তাদের মেধা ও যোগ্যতার মূল্যায়ন করা হবে। পাশাপাশি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সচিবদের বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও জনপ্রশাসনমন্ত্রী আব্দুল বারী।
বৈঠক সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী প্রথা অনুযায়ী সচিবদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন। তবে কোনো সচিব বক্তব্য দেননি। বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ ৭৪ জন জ্যেষ্ঠ সচিব ও সচিব বৈঠকে উপস্থিত ছিলেন।
সচিবদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণ আমাদের ম্যানিফেস্টোর ওপর ম্যান্ডেট দিয়েছে। সুতরাং যেটা জনগণের ইচ্ছা, সেটাই প্রাধান্য পাবে। সে হিসেবে সরকারের ম্যানিফেস্টো বাস্তবায়নের জন্য তারা আন্তরিক হবেন।
বৈঠক শেষে এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ সাংবাদিকদের বলেন, জনগণ রায় দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ইশতেহার দেখে। নিশ্চয় তারা ইশতেহারকে পছন্দ করেন। সেই ইশতেহার যেন জনগণের প্রত্যাশা অনুযায়ী পূরণ হয়, সে জন্য সব সচিবের মেধাকে কাজে লাগিয়ে পেশাদারিত্বের সঙ্গে কাজ করা দেশের জন্য ভালো।