বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও স্পেন। রোববার নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে প্রথমার্ধ গোল শূন্য সমতায় শেষ করেছে দুই দল।
প্রথমার্ধে স্পেন চারটি সুযোগ তৈরি করলেও গোলের লক্ষ্যে শট নিতে পেরেছে দুটি। যা গ্লাভস বন্দী করেন আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজ। আর্জেন্টিনা কাউন্টার অ্যাটাক থেকে একটি সুযোগ পেলেও বক্স ছেড়ে স্পেনের গোলরক্ষক উনাই সিমন তা বিপদমুক্ত করেন।
প্রথমার্ধের ম্যাচের পুরোটা নিয়ন্ত্রণ করেছে স্পেন। তারা ৬৪ শতাংশ বল নিজেদের দখলে রাখে। আর্জেন্টিনাকে বলার মতো কোন সুযোগই তৈরি করতে দেননি রদ্রি-ফ্যাবিয়ান রুইজরা।
শিরোপার এই লড়াইয়ে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সেমিফাইনালের একাদশে তিন পরিবর্তন এনেছেন। রক্ষণে নাহুয়েল মলিনার জায়গায় খেলেছেন গঞ্জালো মন্টিয়েল। রদ্রিগো ডি পল ফিরেছেন শুরুর একাদশে। জায়গা ছেড়ে দিয়েছেন জিওভান্নি সিমিওনে। মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে বিশ্রাম দিয়ে একাদশে নিয়েছেন নিকোলাস গঞ্জালেসকে।
অন্যদিকে স্পেন অপরিবর্তিত দল নিয়ে খেলছে। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে ডিফেন্ডার পেদ্রো পোরো ও লামিন ইয়ামাল অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছিলেন। তবে আর্জেন্টিনার বিপক্ষে শুরুতে আছেন তারা দু’জনই।
আর্জেন্টিনার একাদশ: এমি মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিয়ান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ত্যাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গঞ্জালেস, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ।
স্পেনের একাদশ: উনাই সিমন, পেদ্রো পোরো, পাও কুবার্সি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, রদ্রি, ফ্যাবিয়ান রুইজ, দানি অলমো, অ্যালেক্স বায়েনা, মাইকেল ওয়ারসাবাল, লামিনে ইয়ামাল।