ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর (পুশ-ইন) অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শনিবার দুপুরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই অনুপ্রবেশের চেষ্টা চালায়। পুশ-ইনের শিকার ওই চারজনের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী ও একজন শিশু রয়েছেন। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে প্রায় ১৫০ গজ দূরে অবস্থান করছেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর বিজিবির পক্ষ থেকে অবিলম্বে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডারের কাছে বিষয়টি তুলে ধরা হয়েছে। ঝিনাইদহের ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত এলাকায় শান্তি ও শৃঙ্খলা রক্ষায় বিজিবি অত্যন্ত সজাগ রয়েছে। অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন ঠেকাতে সীমান্তে টহল জোরদার করা হয়েছে এবং সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে জওয়ানদের।