বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ করার পাশাপাশি বিল আদায় নিশ্চিতে সরকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে ছেড়ে দিতে চায় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বুধবার (২২ জুলাই) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্যকালে এমনটা জানান তিনি।
ভারতের উদাহরণ টেনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, সরকারি যে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো রয়েছে, সেগুলোকে আমরা বেসরকারিকরণ করতে চাই। এতে সরকারের যে বকেয়া পড়ে, তা থাকবে না। সরকার খুচরা ব্যবসা করতে পারে না, তারা উৎপাদন করতে পারে। কিন্তু গ্রাহক পর্যায়ে বিতরণের কাজটি বেসরকারি খাতেরই করা উচিত।
এই উদ্যোগ এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর সম্মতি রয়েছে জানিয়ে তিনি বলেন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে গেলে জবাবদিহিতা বাড়বে। সেই সঙ্গে বিল আদায়ের হার বাড়বে এবং দেশের দায় কমে আসবে। এ সময় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারিকরণে বিনিয়োগকারীদের প্রস্তাব দেয়ার আহ্বান জানান তিনি।
এদিন অনুষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির বিষয়েও সরকারের পরিকল্পনা তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, সরকারের বর্তমান মেয়াদের শেষে দেশে ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বেসরকারি বিনিয়োগকারীদের মাধ্যমে ক্লাস্টার-ভিত্তিক (গুচ্ছ-ভিত্তিক) রুফটপ সোলার ব্যবস্থা চালুর পরিকল্পনাও রয়েছে। এ সময় যেসব বাসা-বাড়িতে সোলার প্যানেল লাগানো হবে, তাদের ‘মুনিসিপালিটি ট্যাক্স রিবেট’ (পৌর কর ছাড়) দেয়া হবে বলেও জানান ইকবাল হাসান মাহমুদ।