July 2, 2026, 12:59 pm

শাপলা চত্বর হত্যা মামলা:দীপু মনি-ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে কারাগারে পাঠানোর নির্দেশ

Reporter Name
  • Update Time : Thursday, May 14, 2026
  • 36 Time View

নিউজ ডেস্ক:
১৩ বছর আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে আগামী ৭ জুন তাদের হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) প্রসিকিউশনের আবেদনের পর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, আজ সকাল ৯টার পর প্রিজনভ্যানে করে ডা. দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। তিনজনকে এই মামলায় গ্রেপ্তার দেখাতে হাজিরের জন্য গত ৭ মে নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। হেফাজতের ঘটনায় হত্যাকাণ্ডের শিকার ৫৮ জনের পরিচয় নিশ্চিত করেছে তদন্ত সংস্থা।

এ বিষয়ে গত ৭ মে প্রসিকিউশন জানায়, ‘২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপু মনি। ওই দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একদল উচ্ছৃঙ্খল মানুষকে নির্মূল করেছেন বলে আন্তর্জাতিকভাবে প্রচার করেন তিনি। এছাড়া শুরু থেকেই হেফাজতে ইসলামের মহাসমাবেশকে উসকানিমূলক বক্তব্য হিসেবে একাত্তর টেলিভিশনে প্রচার করেন সাংবাদিক ফারজানা ও মোজাম্মেল বাবু। এসময় মোজাম্মেল বাবু একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, ফারজানা রুপা ছিলেন টেলিভিশনটির সাবেক প্রধান প্রতিবেদক।’

ওই দিন শুনানি শেষে ট্রাইব্যুনাল ১৪ মে তাদের হাজির করার জন্য নির্দেশ দেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

বর্তমানে এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ছয়জন হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে তিনি এ অভিযোগ করেন। এ ঘটনায় ২১ জনকে অভিযুক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com