জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের আত্মত্যাগই আমাদের একটি মুক্ত সমাজ উপহার দিয়েছে। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, শহীদ ও আহতদের ত্যাগের মূল উদ্দেশ্য ছিল একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যেখানে সব নাগরিক স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারি নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বাস্তবতার নিরিখে দেশ গঠনের কাজ এগিয়ে নিতে হবে। আমরা দেশকে কী দিতে পারলাম, সেটিই মূল বিবেচ্য বিষয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের ১০ জন শহীদ ও আহত ব্যক্তির পরিবারের সদস্যদের মাঝে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয় এবং তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।